
ময়মনসিংহে ডিজিএফআই পরিচয়ে অপহরণ করার অভিযোগে ৫ ভুয়া কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার চুরখাই এলাকা থেকে মো.আব্দুস সামাদ (৩১) নামে এক যুবককে ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণের পর মাদকের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয় ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরের নটরডেম কলেজের পেছনে জালালের মোড় এলাকায় এই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সামাদকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, সাতটি মুঠোফোন ও একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন, ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামের আল-আমীন (২০) ও পিয়াস মিয়া (২২), নগরের বাগমারা এলাকার দিদারুল ইসলাম (৫৮), শেরপুরের নকলা উপজেলার চর ভাবনা গ্রামের ফারুক আহম্মেদ (৩৫) এবং দিনাজপুরের খানসামা উপজেলার ছিট আলোকদি গ্রামের মো.শামীম ইসলাম সবুজ (৩৫)। পুলিশ জানায়,নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) কাদিরুল ইসলাম জানতে পারেন, জালালের মোড় এলাকায় একজন ব্যক্তিকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছে।
খবর পাওয়ার পর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে আব্দুস সামাদকে উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া আব্দুস সামাদ ময়মনসিংহ সদর উপজেলার পনঘাগড়া গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে,সামাদ বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে চুরখাই এলাকায় ওই পাঁচজন ব্যক্তি নিজেদের ডিবি ও ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দেন।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্ল আল মামুন বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 













