
সড়ক নিরাপত্তাকে গণআন্দোলনে রূপান্তর করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশজুড়ে পালিত হতে যাওয়া মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখা। আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১লা অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ধামরাই চুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা করা হয়।
সংগঠনের কার্যকরী সদস্য আল-ফাহাদ পরশের সাবলীল সঞ্চালনায় এবং নিসচা ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাঃ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এই জনসচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ ফাহিম শাহরিয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এসডিআই-এর নির্বাহী পরিচালক শামসুল হক এবং সাভার হাইওয়ে থানার ইন্সপেক্টর আসাদুর রহমান। অতিথিদের বক্তব্যের পর ধামরাইয়ের বিভিন্ন সড়কে চলাচলকারী গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ ফাহিম শাহরিয়ার বলেন, সড়ক নিরাপত্তার বিষয়ের সাথে মাদকের বিস্তার গভীরভাবে জড়িত। প্রশাসন যখনই মোবাইল কোর্ট পরিচালনা করে, তখন দেখা যায় মাদকাসক্তদের একটি বড় অংশই বিভিন্ন যানবাহন চালক ও শ্রমিক। তাই সড়ক দুর্ঘটনা কমাতে হলে সবার আগে মাদক নির্মূল করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এসডিআই-এর নির্বাহী পরিচালক শামসুল হক ধামরাই শাখার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন এবং ট্রাফিক বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। কেউ দখল বাণিজ্য বা চাঁদাবাজি করলে তাদের ছাড় দেওয়া হবে না।
ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়ন কেবল সরকারের একক দায়িত্ব নয়, এটি সবার সামাজিক দায়বদ্ধতা। বিশেষ করে চালক ও হেলপারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে সড়ককে নিরাপদ করতে হবে।
সাভার হাইওয়ে থানার ইন্সপেক্টর আসাদুর রহমান বলেন, সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা, তাই প্রতিটি নাগরিককে নিজের অবস্থান থেকে সচেতন হতে হবে। প্রাণহানি রোধে পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে থেকে কাজ করবে।
নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি মোহাঃ নাতিদ মিয়া মাসব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরে জানান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দিকনির্দেশনায় দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রেস ব্রিফিং, লিফলেট বিতরণ, ট্রাফিক সচেতনতা প্রচার, পরিবহন মালিক-শ্রমিক ও হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময় সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণামূলক আলোচনা, বৃক্ষরোপণ, সেরা চালকদের সম্মাননা প্রদান, শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেটের ব্যবস্থা এবং মহাসড়কে চলাচলকারী যানবাহনের পরিসংখ্যান নির্ণয়।
উদ্বোধনী এই জনসচেতনতামূলক আয়োজনে নিসচার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আশরাফুল আলম 













