
ঢাকার ধামরাই পৌরসভার ৪ নং ও ৫ নং ওয়ার্ডের চলমান দুটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং ধামরাইয়ের জনপ্রিয় তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাজমুল হাসান অভি। এ সময় তিনি শুধু কাজের অগ্রগতি ও মান যাচাই করেননি, বরং স্থানীয় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
শনিবার(৩ অক্টোবর) পরিদর্শনকালে রাস্তার নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা দীর্ঘসূত্রিতা যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের কঠোর নির্দেশনা প্রদান করেন নাজমুল হাসান অভি। তিনি স্পষ্টভাবে জানান যে, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই দ্রুত প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কাজের মান নিয়ে তিনি কোনো আপস করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
রাস্তার কাজ পরিদর্শন শেষে নাজমুল হাসান অভি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাগুলোর সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং নাজমুল হাসান অভিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সাধারণ মানুষ তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরলে তিনি পরম আন্তরিকতার সাথে তা শোনেন এবং পর্যায়ক্রমে ধামরাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও এলাকার সার্বিক উন্নয়নে নিজের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সাথে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো পরিদর্শন কার্যক্রম জুড়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আশরাফুল আলম 













