
ঢাকার ধামরাইয়ে বংশী নদী রক্ষা এবং ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১ অক্টোবর)স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ধামরাই উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি ও নদী দখল করে নানা ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছে। এর ফলে একদিকে যেমন ঐতিহ্যবাহী বংশী নদী তার স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে এবং চরম দূষণের শিকার হচ্ছে, অন্যদিকে সরকারের ‘ক’ তালিকাভুক্ত খাস জমিও সাধারণ ও প্রকৃত ভূমিহীনদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এসব অবৈধ দখল উচ্ছেদ না করলে পরিবেশ ও এলাকার জনজীবন মারত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তারা অবিলম্বে বংশী নদীর দুপাশের অবৈধ দখল ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে এর স্বাভাবিক রূপ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে, তালিকাভুক্ত সরকারি সম্পত্তি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষের মাঝে স্বচ্ছতার সঙ্গে বণ্টনের দাবি জানান। কর্মসূচি শেষে দ্রুত সময়ের মধ্যে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন স্থানীয় এলাকাবাসী।
আশরাফুল আলম 













