
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২৫ জন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার এসব হুইলচেয়ার বিতরণ করেন।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় কসবা মডেল মসজিদ কমপ্লেক্সের মিলনায়তনে কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন হাফেজ মাওলানা নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া এবং আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বোরহান উদ্দিন খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী এস এম আজাদ মানিক, আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সানাউল্লাহ, ছাত্রনেতা সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা, আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, “শারীরিকভাবে অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদেরই ভাই-বোন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব।”
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার বাধা হতে পারে না; সমাজের সহযোগিতা ও আত্মবিশ্বাস থাকলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব।
ব্রাহ্মণবাড়িয়া 










