
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তল হোসেনের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
রোববার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মুক্তল হোসেন সম্প্রতি বল্লভপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছে।
বক্তারা আরও বলেন, এমন একজন শিক্ষকের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং বিশেষ করে ছাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাই অবিলম্বে তাকে অপসারণের দাবি জানান বিদ্যালয়ের শিক্ষার্থী নোমান, লিমা আক্তারসহ স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন বলেন, “আমি আজই দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে জেনেছি। বিদ্যালয়ের স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা অভিযুক্ত প্রধান শিক্ষকের অবিলম্বে পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
জিএম মাকছুদুর রহমান 










