
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ, ফলজ চারা ও রাসায়নিক-জৈব সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) সকালে ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটরিয়াম) ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন বলেন,”বর্তমান সরকার সবসময়ই কৃষকের পাশে রয়েছে এবং কৃষি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক কৃষি উৎপাদন বাড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ের কৃষকদের হাতকে শক্তিশালী করতে হবে।”
তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, সরকার প্রদত্ত এই মানসম্মত উচ্চফলনশীল চারা ও বীজ যেন সঠিকভাবে জমিতে ব্যবহার করা হয়, যাতে করে ধামরাইয়ের কৃষি অর্থনীতিতে এর একটি ইতিবাচক প্রভাব পড়ে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ এবং সারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা মেটাতে বিতরণ করা হয়েছে আম, মাল্টা, সুপারি ও লেবুসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা। উপজেলার তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের মাঝে সর্বমোট ৫,১৯৮টি মানসম্মত কৃষি উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে হস্তান্তর করা হয়।
বিনা মূল্যে মানসম্মত উন্নত জাতের বীজ, সার ও চারা পেয়ে ভীষণ আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগী কৃষকেরা। তারা জানান, বর্তমান বাজারে ভালো মানের বীজ ও সারের যে দাম, তাতে সরকারের এই সময়োপযোগী সহায়তা তাদের চাষাবাদে দারুণ ভূমিকা রাখবে। স্থানীয় অংশীজনদের প্রত্যাশা, সরকারের এমন দূরদর্শী পদক্ষেপ ধামরাইয়ের কৃষি অর্থনীতিকে আরও বেশি গতিশীল ও সমৃদ্ধ করবে।
আশরাফুল আলম 











