
শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ বৈশাখীপাড়া গ্রামে বাড়ির একমাত্র যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দেড় বছর ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে একটি পরিবার। স্বাভাবিকভাবে ঘরে প্রবেশ বা বের হওয়ার সুযোগ না থাকায় প্রতিদিনই মই বেয়ে দেয়াল টপকে চলাচল করতে হচ্ছে তাদের।
ভুক্তভোগী মো. হাবিবুর রহমান (৬০) অভিযোগ করেন, প্রতিবেশী ইসমাইল ছৈয়াল ও তার পরিবারের সদস্যরা তাদের দীর্ঘদিনের ব্যবহৃত যাতায়াতের পথটি জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন। রাস্তার ওপর দেয়াল নির্মাণ এবং একটি বাথরুম তৈরি করায় বাড়িতে যাতায়াতের একমাত্র পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
তিনি জানান, প্রায় ১৭ বছর ধরে পরিবারটি ওই পথ ব্যবহার করে আসছিল। কিন্তু পথটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যদের প্রতিদিনই মই বেয়ে দেয়াল পার হয়ে চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া, শিশুদের স্কুলে যাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় কাজেও চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
এ ঘটনায় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হাবিবুর রহমান। অভিযোগে তিনি দ্রুত ঘটনাটি তদন্ত করে যাতায়াতের পথ উন্মুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল ছৈয়াল বলেন, “আমি আমার জায়গা দিয়ে তাদের যেতে দেব না। তাই পথটি বন্ধ করে দিয়েছি।”
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, “অভিযোগটি পেয়েছি। উভয় পক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই করা হবে। আইন ও প্রমাণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলমান এ বিরোধ দ্রুত নিষ্পত্তি করে পরিবারটির স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা হলে তাদের দুর্ভোগের অবসান হবে।
স্টাফ রিপোর্টার 











