
দীর্ঘ প্রায় দুই দশকের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পথে রয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে। তিনি দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লন্ডনে প্রায় দুই দশকের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হতে পারেন। সে ক্ষেত্রে তিনি দেশটির নেতৃত্ব দেবেন, যেটি একসময় শাসন করেছেন তার বাবা-মা।
মতামত জরিপগুলো যদি সঠিক প্রমাণিত হয়, তবে বৃহস্পতিবারের নির্বাচন হবে ৬০ বছর বয়সী এই স্বল্পভাষী নেতার জন্য এক নাটকীয় প্রত্যাবর্তন। ২০০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কথিত দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়ে কারামুক্তির পর চিকিৎসার প্রয়োজনে তিনি দেশ ছাড়েন।
এরপর প্রায় দুই দশকের নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর এক নায়কোচিত অভ্যর্থনার সাথে তিনি দেশে ফেরেন। এর আগে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া এক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগের সভানেত্রী ও দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিপোর্টারের নাম 















