
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। যাতে নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। যারা কাজটি করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে।
গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভোট দিলেই চলবে না। ভোট শেষ করে ওখানে থাকতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আপনার ভোটের হিসাব কড়াই-গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোককে এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
তিনি আরো বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জিতাতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, ব্লকবাধ নির্মাণ এগুলো আমরা ইনশাআল্লাহ করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা।
এ সময় তারেক রহমান ঘোষণা দেন বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সকল সমস্যার সমাধান করা হবে। জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুললাহিল মজিদ নিশানসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এন. এস. সুজন 















