গাজীপুরে নাওজোড়ে ড্রেস ইন স্টাইল লিমিটেড নামে পোশাক কারখানায় আগুন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে।
বুধবার (১৮মার্চ) রাত ৯টার দিকে মহানগরীর নাওজোড়ে ড্রেস ইন স্টাইল লিমিটেড নামে পোশাক কারখানার নিচ তলায় আগুন লাগে। এসময় স্থানীয় লোকজন ও কারখানার নিরাপত্তাপ্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। পরে স্থানীয়দের দেওয়া খবরে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, বিকেলে কারখানা ছুটি হয়েছে। আমি রাত ৮টায় গেটে এসে বসেছি। হঠাৎ করে ৯টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে এগিয়ে গেলে আগুন দেখে অন্যদের খবর দেই।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ৫ ইউনিট সেখানে কাজ করছে। আগুন ভয়াবহ হয়ে উঠেছিলো পরে প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুনটি পুরোপুরি নির্বাপণ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
রাউফুর রহমান পরাগ : 















