
ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় একটি সেমিপাকা বসতবাড়িতে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আকস্মিক আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ধামরাই ফায়ার সার্ভিসের অত্যন্ত দ্রুত এবং সময়োচিত কার্যকর পদক্ষেপের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মূল্যবান সম্পদ অগ্নিকাণ্ডের গ্রাস থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার ১৪ (অক্টোবর) বেলা ১১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে আগুন লাগার সংবাদ পৌঁছায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি আমলে নিয়ে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২টি চৌকস ইউনিট দ্রুততম সময়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। খবর পাওয়ার মাত্র দশ মিনিটের ব্যবধানে অর্থাৎ দুপুর ১২টা দুই মিনিটে ফায়ার সার্ভিসের নিবেদিতপ্রাণ দলটি ঘটনাস্থলে পৌঁছায় এবং কালক্ষেপণ না করে অতি দ্রুত উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস প্রচেষ্টা এবং সুসংগঠিত দলগত দক্ষতার কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসতে শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর ১টা ১৭ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা আরও কিছু সময় টানা কাজ করে দুপুর ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত আকলিমা ভিলা নামের প্রায় সাতশ বর্গ আয়তনের ওই সেমিপাকা বসতবাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দুর্ঘটনার সংবাদ জানানো হয়।
এই আকস্মিক অগ্নিকাণ্ডে আকলিমা ভিলা নামের বসতবাড়িটির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এবং আনুমানিক তিন লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিস দলের অত্যন্ত দ্রুত আগমন এবং সময়োচিত পেশাদার পদক্ষেপের ফলেই আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকা এবং আনুমানিক পাঁচ লাখ টাকার সম্পদ সম্পূর্ণ সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের এই সাহসিকতা ও দক্ষতার জন্য স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আশরাফুল আলম 














