
মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাভার থানায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী ফটো সাংবাদিক শরিফুল ইসলাম (৩৮) বাদী হয়ে সাভার মডেল থানায় এ জিডি দায়ের করেন।
জিডি সূত্রে জানা যায়, সাভারের রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা এটিএন বাংলার ক্যামেরা পার্সন শরিফুল ইসলামকে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ২ মিনিটের দিকে বিবাদী শাহাবুদ্দিন সাহা (৪৫) নিজের মোবাইল নম্বর (০১৯৯৩৯৭১১৯০) থেকে ফোন করেন। ফোন করার পর তিনি শরিফুলকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাকে প্রাণনাশের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, হঠাৎ করে ফোনে তাকে এভাবে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি আইনগত সুরক্ষার জন্য সাভার থানায় লিখিত আবেদন জানান।
ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত শাহাবুদ্দিন সাহাকে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের ওই নেতা প্রকাশ্যে রাজপথে নেতা-কর্মীদের নিয়ে মিছিল করেন। মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি বিরুলিয়া ইউনিয়নকে জামায়াত-বিএনপিমুক্ত ঘোষণা করেন।
সেসময় তিনি বলেন, ‘বিরুলিয়া ইউনিয়নে কোনো জঙ্গিবাদের ঠাঁই নেই। জঙ্গিবাদ যেখানেই দেখা যাবে, আমার যুবলীগ সেখানেই জঙ্গিবাদের মোকাবিলা করবে। আজ থেকে বিরুলিয়া ইউনিয়ন জঙ্গিবাদমুক্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এ বিষয়ে সাভার মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনাটির সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আল আমিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার 












