
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ধামরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি বিশেষ আইন-শৃঙ্খলা কমিটি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩১(আগস্ট) সকালে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, জননিরাপত্তা জোরদার করা এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই মূলত এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য সুলতানা আহমেদ এবং মাননীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা ধামরাই উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এলাকার নিরাপত্তা আরও সুদৃঢ় করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশ প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া ধামরাই বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
জনসাধারণের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ প্রসঙ্গে সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ কোনো রকম ভোগান্তি ছাড়া সহজেই সরকারি সেবা পেতে পারেন।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ধামরাইকে একটি শান্তিময়, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে সভায় ঐকমত্য পোষণ করা হয়।
পরিশেষে, এই সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ধামরাইবাসীর দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করা হয়।
আশরাফুল আলম 













