
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন আনুমানিক ৪০ থেকে ৪৫ জন বাস যাত্রী। মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী “সেবা লিংক পরিবহন”-এর একটি বাস জয়পুরা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে নিচে খাদের কিনারায় পড়ে যায়।
শুক্রবার ৩০ (অক্টোবর) দুপুর ১:০০ ঘটিকায় ফায়ার সার্ভিসের জরুরি সেবা নম্বর ৯৯৯ এবং সরাসরি ফোন কলের মাধ্যমে এই দুর্ঘটনার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সাথে সাথেই ধামরাই ফায়ার স্টেশন থেকে দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। ফায়ার স্টেশন থেকে মাত্র ৪ কিলোমিটার দূরের এই অকুস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলের সময় লাগে মাত্র ৬ মিনিট।
ঘটনাস্থলে পৌঁছে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জনাব আল আমিন খানের প্রত্যক্ষ নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের দক্ষ সদস্য এবং স্থানীয় উৎসুক জনতা একযোগে বাসের ভেতরে আটকে থাকা ভীতিসন্ত্রস্ত যাত্রীদের একে একে নিরাপদে বের করে নিয়ে আসেন। দুর্ঘটনায় ঢাকা মেট্রো-জ ১৪-১৪৫৬ রেজিস্ট্রেশন নম্বরের বাসটি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে কয়েকজন আঘাতপ্রাপ্ত হলে ফায়ার সার্ভিস দল তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য আহত ভিকটিমদের দ্রুত স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সময়োচিত উদ্যোগের কারণে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি ও ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেলেন বাসে থাকা প্রায় অর্ধশত যাত্রী।
আশরাফুল আলম 












