
৪ দিন ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় কাটছিল বাবা-মায়ের প্রতিটি মুহূর্ত। কোথায় আছে, কেমন আছে- এমন দুশ্চিন্তায় যখন পরিবারের সদস্যরা দিশেহারা, তখনই স্বস্তি হয়ে আসে পুলিশের তৎপরতা।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, যাতায়াতের সূত্র অনুসন্ধান ও পরিবহন শ্রমিকদের সহযোগিতায় অবশেষে নিখোঁজের ৪ দিন পর সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে ১১ বছরের শিশু মো. ফাহিম হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে গাজীপুর মহানগরীর আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ঢাকার আশুলিয়া থানাধীন ঘোষবাগ বড়বাড়ি ক্যামিকেল মোড় এলাকা থেকে নিখোঁজ হয় ফাহিম। সে সোলায়মান হোসেনের ছেলে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান না পেয়ে ১৪ অক্টোবর আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এরপরই শিশুটিকে খুঁজে বের করতে অনুসন্ধানে নামে পুলিশ।
একপর্যায়ে সংশ্লিষ্ট এলাকার পরিবহনশ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে শুক্রবার ভোররাতে আব্দুল্লাহপুর এলাকা থেকে ফাহিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দীর্ঘ চার দিন পর ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। সন্তানের নিখোঁজ হওয়ার সময়কার উদ্বেগ ও উৎকণ্ঠার কথা তুলে ধরে বাবা সোলায়মান হোসেন বলেন, ছেলেটা নিখোঁজ হওয়ার পর থেকে আমরা এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারিনি। কোথায় আছে, কী অবস্থায় আছে- কিছুই জানতাম না। প্রতিটি মুহূর্ত মনে হয়েছে, কখন ছেলের খোঁজ পাব। পুলিশ আমার ছেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। ছেলেকে ফিরে পেয়ে যে কী শান্তি লাগছে, তা ভাষায় বোঝাতে পারব না। আমি পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
রিপোর্টারের নাম 












