
পূর্ব শত্রুতার জের ধরে সাভারে লাবু মিয়া (৫৫) নামের এক কৃষককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।
আশঙ্কাজনক অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ আবু বক্কর সিদ্দিক এর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল ঐ কৃষককে একটি অফিস থেকে উঠিয়ে নিয়ে এসে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন স্থানীয় জাকিরের ভাই কালাম, সালেহ আহাম্মেদ, মোহাম্মদ আলী মহা, ইমন ও নুরু মিয়াসহ সন্ত্রাসীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এসময় সন্ত্রাসীরা ওই কৃষকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। এঘটনায় ঐ কৃষকের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সন্ত্রাসীদের ভয়ে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার 











