
একই কারখানায় কাজ করতেন দুজন। ব্যক্তিগত বিরোধের জেরে কথাকাটাকাটি, এরপর ভাড়াবাসায় ধস্তাধস্তি- একপর্যায়ে প্রাণ হারান পোশাক শ্রমিক তানিয়া। হত্যার পর তাঁর ব্যবহৃত মুঠোফোন ও সিম কার্ড নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে সহকর্মী ইউসুফের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে নিহতের মুঠোফোন ও সিম কার্ড। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ইউসুফ। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।
গ্রেপ্তার ইউসুফের (২৭) বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার বাঁশজানী গ্রামে। তাঁর বাবার নাম আজগর আলী। তিনি আশুলিয়ার কবিরপুর এলাকার বাসেদ কলোনিতে আরিফের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গত ৬ অক্টোবর আশুলিয়ার কবিরপুর এলাকার পলমল গ্রুপের একটি পোশাক কারখানার কাটিং সেকশনে কর্মরত তানিয়া ও ইউসুফের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে ওই রাতেই তানিয়ার ভাড়াবাসায় তাঁদের মধ্যে আবারও বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইউসুফ পেছন দিক থেকে তানিয়ার গলা চেপে ধরেন। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। তানিয়াকে মৃত ভেবে তাঁর ব্যবহৃত মুঠোফোন ও সিম কার্ড নিয়ে সেখান থেকে চলে যান ইউসুফ।
পরদিন ৭ অক্টোবর তানিয়ার সহকর্মী ও স্বজনদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আশুলিয়া থানা পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।
স্টাফ রিপোর্টার 











