
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সাভার ও আশুলিয়া থানা এলাকায় শিক্ষার্থীদের ওপর নিশংস হামলা, ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যা এবং বিএনপি সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে সাভার পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রাজীব ওরফে কানকাটা রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা আনন্দপুর সিটিলেন এলাকায় অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুহাম্মদ রাজীব ওরফে কানকাটা রাজীব (৩০) সাভার উপজেলার গেন্ডা আনন্দপুর এলাকার বাসিন্দা সাভার পৌর কৃষকলীগের সভাপতি ও ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদুর ছেলে। তিনি সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, পুলিশের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মুহাম্মদ রাজীব ওরফে কানকাটা রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার ও আশুলিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গুলি করে হত্যা ও সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। গ্রেপ্তার রাজীবকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
স্টাফ রিপোর্টার 











