
আশুলিয়ায় মোবাইল গেমস খেলাকে কেন্দ্র করে দুই কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের লালপাহাড় এলাকায় আতিকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো মুত্তাকিন (১৪) ও মজিদুল ইসলাম (১৩)। মুত্তাকিন রংপুর জেলার কোতয়ালী থানার সিলমন গ্রামের মতিয়ার রহমানের ছেলে। মজিদুল একই জেলার গঙ্গাচড়া থানার জয়দেব পূর্বপাড়া গ্রামের শাহাজানের ছেলে। তারা লালপাহাড় এলাকায় ভাড়া থেকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার একটি কার্টুন কারখানায় কাজ করতো।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাউফুর রহমান পরাগ 












