
আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এসময় পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বাসটি ভাড়া নিয়েছিলেন। গতরাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয়। খবর পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। নির্মম এই ঘটনার নেপথ্যে হত্যাকান্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের ঠিকানা শনাক্তের কাজ চলছে।
স্টাফ রিপোর্টার 










