
ঢাকার ধামরাইয়ে চুরির মিথ্যা অপবাদে শংকর চন্দ্র মণ্ডল নামের এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ময়না রেস্টুরেন্টের সামনে থেকে, র্যাব-৪ ও র্যাব-১৫-এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওয়াজেদ হাজী এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ আগস্ট ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় একটি রাইস মিল থেকে বৈদ্যুতিক পানির মোটর চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় শংকর চন্দ্র মণ্ডলকে সন্দেহ করে একটি ব্যবসায়িক কার্যালয়ে ডেকে নেওয়া হয় এবং সেখানে তাকে হাত-পা বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে নৃশংসভাবে মারধর করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৫ আগস্ট ভোরে তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর নিহতের বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মূল অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিশেষে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।বর্তমানে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আশরাফুল আলম 










