
ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা জেলা ডিবি (উত্তর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
অপর একটি অভিযানে একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে মো. সুজল খান (৩২) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এদিকে, রাত ১১টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন খাগান এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন (৩৯) ও আসাদুল ইসলাম (৪১) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Pulsar NS160 মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া মনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে তিনটি মামলা এবং আসাদুল ইসলামের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে।
ডিবি (উত্তর) জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 










