
উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকার ধামরাইয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্দিষ্ট স্থানে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ধামরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা এবং ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো ধামরাই এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী চেতনার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশের সাধারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করে যেতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতন্ত্র রক্ষা, সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলের ভেতরে ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়ে বক্তারা সংগঠনকে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।
আশরাফুল আলম 










