
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ধামরাইয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে উপজেলার প্রাণকেন্দ্র ও ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত স্নোনোটেক্স গার্মেন্টসের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রবিবার(১৬ আগস্ট) বিকেল ৫.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ পর্যন্ত স্নোনোটেক্স গার্মেন্টসের সামনের প্রধান সড়কে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেটসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারী বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া চালকদের বিরুদ্ধেও নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ধামরাই থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের এমন তৎপরতায় সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করে এটিকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।
ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা সংবাদমাধ্যমকে জানান যে, সড়কে দুর্ঘটনা রোধ, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং ট্রাফিক নিয়ম মানার প্রবণতা বাড়াতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাধারণ নাগরিকদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।
আশরাফুল আলম 










