
সাভারের আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় একটি ভাড়া কক্ষ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ সময় দরজা-জানালা বন্ধ থাকা এবং কক্ষ থেকে পচা গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় রাজু সিটির সংলগ্ন মৃত আমির আলীর বাড়ির একটি ভাড়া কক্ষে ওই ব্যক্তি বসবাস করতেন। তবে আশপাশের লোকজনের সঙ্গে তার তেমন সুসম্পর্ক বা যোগাযোগ ছিল না বলে জানা গেছে।
কয়েকদিন ধরে কক্ষটির দরজা-জানালা বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে কক্ষের ভেতর থেকে তীব্র পচা গন্ধ বের হতে থাকলে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়।
সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় পাঠিয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্টাফ রিপোর্টার 











