
সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আশুলিয়ার গণবিদ্যাপীঠ মাঠে ধনিয়া এলাকার বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা দেখতে গণবিদ্যাপীঠ মাঠে জড়ো হন এলাকার বিপুলসংখ্যক দর্শক। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে ছিল টানটান উত্তেজনা। অবিবাহিত দল ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।
অনুষ্ঠানে ফছি উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি, সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা দীল মোহাম্মদ ও রামানন্দ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বাছেদ দেওয়ান বলেন, খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি এলাকার যুবসমাজকে ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি রকিব দেওয়ান রকি বলেন, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি আরও দৃঢ় হবে। এমন আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও আরও বেশি সম্পৃক্ত হবে।
অনুষ্ঠানের সভাপতি ফছি মাস্টার বলেন, ধনিয়া এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
খেলা শেষে আয়োজক ও অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রাণবন্ত এ প্রীতি ম্যাচটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।
স্টাফ রিপোর্টার 










