
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। একই সঙ্গে তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা, আন্দোলনে আহতদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং সাভারসহ গোটা বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এ আন্দোলনে যারা দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি বলেন, “শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো এবং আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।”
লায়ন মোঃ খোরশেদ আলম আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমাদের এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এই ঐতিহাসিক দিনে আমি সাভারসহ গোটা বাংলাদেশের সকল মানুষকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। শহীদদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে।”
বিবৃতির শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা, সম্মানজনক পুনর্বাসন ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
মোঃ রবিউল ইসলাম সিয়াম 










