
জীবনের সোনালী সময়ে এসে,পথেই থেমে গেল দুই কিশোরের চাকা। ওভারটেক করার এক মুহূর্তের ভুল বোঝাবুঝি কেড়ে নিল দুটি তরতাজা প্রাণ। ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি বেপরোয়া ড্রাম ট্রাকের নির্মম চাপায় সাভার ল্যাবরেটরি স্কুলের দুই মেধাবী শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে ঢাকার একটি হাসপাতালে।
বুধবার (২৯ জুলাই, ২০২৬) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু সংলগ্ন ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিয়তির নিষ্ঠুর শিকারে পরিণত হওয়া স্কুলছাত্ররা হলো ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) এবং একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। তারা দুজনেই সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ছিল। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কিশোর আতাউল্লাহ (১৭) কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিয়াকৈরমুখী একটি মাটিবাহী ভারী ড্রাম ট্রাক ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের আইঙ্গন সেতু এলাকা অতিক্রম করছিল। ঠিক সেই মুহূর্তে একটি সিএনজি চালিত অটোরিকশা ওই ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা চালায়। অটোরিকশার ঠিক পেছনেই থাকা তিন আরোহীভর্তি একটি মোটরসাইকেলও একই সময়ে ট্রাকটিকে ওভারটেক করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মোটরসাইকেলটি সরাসরি ট্রাকটির সামনে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ড্রাম ট্রাকটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ তিন আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ঘাতক ট্রাকটি ব্রেক না করে উল্টো তাদের ওপর দিয়েই চালিয়ে দেয়, যার ফলে ঘটনাস্থলেই মহিম ও অনিক মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত আতাউল্লাহকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য, ঢাকায় একটি হাসপাতালে রেফার করেন। অন্যদিকে, খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত দুই ছাত্রের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার,উপ-পরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল শেষে আলামত জব্দ করে। তিনি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটিকে শনাক্ত ও জব্দের পাশাপাশি এর পলাতক চালককে গ্রেফতারে জোরালো অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
আশরাফুল আলম 











