
রাজধানীর উপকণ্ঠে ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া বাজারে স্বাস্থ্যসেবার নামে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আজ এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না রাখা এবং পরিবেশ সন্তোষজনক না হওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কাওয়ালিপাড়া এলাকার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়। পুরো অভিযানটির নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাওয়ালিপাড়ার বেশ কিছু চিকিৎসা প্রতিষ্ঠানে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে ইউএনও মো. আল মামুনের নেতৃত্বে দলবল নিয়ে আকস্মিক পরিদর্শনে যায় প্রশাসন। এ সময় লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ‘দি নিউ ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে ‘একতা জেনারেল হাসপাতাল’ এবং ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে এই তিন প্রতিষ্ঠান থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, স্বাস্থ্যসেবা একটি অতি সংবেদনশীল খাত। এখানে কোনো ধরনের অবহেলা বা অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না। আজ যে সমস্ত প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা করা না হলে পরবর্তী অভিযানে আইনগত ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানগুলো সরাসরি সিলগালা করে দেওয়া হবে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে স্বাস্থ্যখাতে এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই কর্মকর্তা।
আশরাফুল আলম 










