
ঢাকা-২ আসনের সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমানের নির্দেশনায় রাজধানীর প্রবেশদ্বার সাভারের আমিনবাজার এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমে অংশ নেন আমিনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ রানা পলিন, ঢাকা রেঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর টি আই বিমল চন্দ্র, নিসচা নিরাপদ সড়ক-এর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
যানজট নিরসনে তারা সড়কে নেমে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করেন। এ সময় যানবাহনের চালক, শ্রমিক ও পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
আমিনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ রানা পলিন বলেন, “মানুষের ভোগান্তি কমানোই আমাদের মূল লক্ষ্য। মাননীয় সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসনে কাজ করছি। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ঢাকা রেঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর টি আই বিমল চন্দ্র বলেন, “শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সহযোগিতাও জরুরি। প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”
নিসচা নিরাপদ সড়ক কর্মকর্তারাও জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে আমিনবাজার এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।
মোঃ রবিউল ইসলাম সিয়াম 







