ঢাকার ধামরাইয়ে ৪ হাজার ২৫০ জন স্কুল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতা ও কলম বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফুড ফর দি হাংরী’ (এফএইচ এসোসিয়েশন)। সংস্থার ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এই শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। এতে প্রত্যেকে ১২টি করে খাতা ও ১০টি করে কলম লাভ করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ সেন্টারের কর্মকর্তা জোহরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো. মোবাখখারুল ইসলাম মিজান (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ধামরাই),উজ্জল মন্ডল (ম্যানেজার, এফএইচ এসোসিয়েশন, ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিস)এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধামরাই ইউএনও মো. আল মামুন বলেন,উপহার পেয়ে সকল শিশুর মুখে যে হাসি ফুটেছে, তা সত্যিই দারুণ। এসব শিক্ষা উপকরণ তাদের জীবন মান উন্নয়নে এবং পড়াশোনায় মনোযোগী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এফএইচ এসোসিয়েশনের এই মানবিক ও সমাজ বিনির্মাণমূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।”
সংস্থার ধামরাই এরিয়া ম্যানেজার উজ্জল মন্ডল বলেন, “শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। সেই তাড়না থেকেই আমরা নিয়মিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কোমলমতি শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী জানায়, ফুড ফর দি হাংরী সংস্থাটি প্রায় সময়ই তাদের পড়াশোনায় নানাভাবে উৎসাহ ও সহযোগিতা দিয়ে থাকে। এই উপহার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও উপকৃত।
আশরাফুল আলম : 














