
ঢাকার ধামরাই উপজেলার চৌহাটি ইউনিয়নের দ্বিমুখা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলী পানিতে পড়ে মারা গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাগরিবের নামাজ আদায় শেষে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে দ্বিমুখা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তিনি নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন।
অনুসন্ধানের এক পর্যায়ে নিকটবর্তী একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হাজী মোহাম্মদ হায়াত আলীর একটি চোখে দৃষ্টিশক্তি কম ছিল। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি অসাবধানতাবশত পুকুরটিকে রাস্তা মনে করে পানিতে পড়ে যান।
ঘটনাস্থলে আশপাশে কেউ না থাকায় সময়মতো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
আশরাফুল আলম 










