
ঢাকার ধামরাইয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ কেলিয়া এলাকায় পরিচালিত এই অভিযানে একটি সক্রিয় জুয়ার আসর থেকে ৯ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা উত্তর ডিবির একটি চৌকস দল দক্ষিণ কেলিয়া এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি নির্জন স্থানে তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলা চলছিল। সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জুয়ার আসরটি চারপাশ থেকে ঘিরে ফেলে এবং পলায়নরত অবস্থায় ৯ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— আবু তালেব, মমিনুল, মাসুদ, মোড়ল, আঃ হামিদ, তাজিনুর ইসলাম, নাজমুল, বাবুল হোসেন ও আবুল হোসেন। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়ার আসর বসিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে ৫২টি তাস, নগদ ১৮ হাজার ৭০ টাকা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি গামছা উদ্ধার করে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক ও ছিনতাইসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। তারা এলাকায় মূলত পেশাদার অপরাধী হিসেবে পরিচিত।
পুলিশ আরও জানায়, ধামরাই ও এর আশপাশ এলাকায় মাদক, জুয়া এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আশরাফুল আলম : 









