
বিএনপি সরকারের ৮ মাস পেরিয়ে গেলেও প্রত্যাশিত পরিবর্তন দেখতে পাচ্ছেন না সাভার ও আশুলিয়ার সাধারণ মানুষ। নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
অবৈধ অটোরিকশার দাপট, ফুটপাত দখল করে হকারদের ব্যবসা, ভাঙাচোরা সড়ক, তীব্র যানজট এবং নাগরিক দুর্ভোগের নানা সমস্যায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন তারা। এসব সমস্যার কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা, পথচারী ও কর্মজীবী মানুষের মধ্যে। তাদের অভিযোগ, সরকার পরিবর্তনের পর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার প্রতিফলন এখনো পর্যাপ্তভাবে দেখা যাচ্ছে না।
সাভার বাসস্ট্যান্ড, বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, উলাইল, গেন্ডা, পাকিজা মোড় ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় যানজট নিত্যদিনের চিত্র। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ অটোরিকশার চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সড়কের বিভিন্ন অংশ দখল করে রাখার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পোশাকশ্রমিকদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে মাঝেমধ্যে উদ্যোগ দেখা গেলেও স্থায়ী সমাধান হচ্ছে না। কোনো কোনো সময় অটোরিকশা চলাচল বন্ধ থাকলে সড়কে স্বস্তি ফিরে আসে। কিন্তু কিছুদিন পর আবারও আগের পরিস্থিতি তৈরি হয়। এতে যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও ধারাবাহিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।
সাভার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা আব্দুল হাই বলেন, নির্বাচনের পূর্বে দেওয়া স্থানীয় সংসদ সদস্য গ্রিন সাভার ক্লিন সাভার কর্মসূচির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এই ৮ মাসে আমরা কিছুই পাইনি। বরং দিন দিন সাভারের পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।
গেন্ডা এলাকার বাসিন্দা লুৎফর রহমান বাদল বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। অটোরিকশা যেখানে-সেখানে দাঁড়ায়, যাত্রীর জন্য রাস্তার মাঝখানে থেমে থাকে। যানজটের কারণে অল্প দূরত্ব যেতেও অনেক সময় লাগে। আমরা চাই, শুধু অভিযান নয়, স্থায়ীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।
আশুলিয়ার মুদি দোকানদার আব্দুল হান্নান বলেন, আমরা অনেক আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে বিজি করেছিলাম কিন্তু বর্তমান সাভার আসরের অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছি।
ব্যাংক কলোনির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আমরা বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সাভার ও আশুলিয়ায় যে পরিবর্তনের আশা করেছিলাম তা কিছুই হয়নি বরং আগের মতই ফুটপাত দখল করে হকারদের ব্যবসা, বিভিন্ন এলাকায় জুট ব্যবসা নিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, অনিয়ন্ত্রিত যোগাযোগ ব্যবস্থা সবকিছুই আগের মত আছে।
অন্যদিকে সড়কের পাশের ফুটপাত দখল করে হকারদের ব্যবসা পরিচালনার কারণে হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। সাভার বাজার ও আশপাশের ব্যস্ত এলাকায় অনেক পথচারীকে ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে দুর্ভোগ বেশি হচ্ছে বলে জানান স্থানীয়রা।
সাভার বাজার এলাকার এক বাসিন্দা বলেন, ফুটপাত মানুষের হাঁটার জন্য। কিন্তু অধিকাংশ জায়গায় দোকানপাট ও পণ্যের দখলে থাকায় রাস্তা দিয়ে হাঁটতে হয়। সরকার পরিবর্তনের পর ভেবেছিলাম, এসব সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে তেমন পরিবর্তন চোখে পড়ছে না।
এদিকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়কের ভাঙাচোরা অবস্থা নিয়েও ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। খানাখন্দ, পিচ উঠে যাওয়া এবং কোথাও কোথাও বৃষ্টির পানি জমে থাকার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মোটরসাইকেল ও অটোরিকশাচালকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়ক সংস্কারে ধীরগতি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা।
আশুলিয়ার এক পোশাক শ্রমিক লুৎফর নাহার বলেন, সকালে কাজে যাওয়ার সময় যানজট, আবার ফেরার সময়ও একই অবস্থা। রাস্তা খারাপ থাকলে দুর্ভোগ আরও বেড়ে যায়। আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও কমে যায়। আমরা চাই, সরকার মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর দিকে নজর দিক।
স্থানীয় নাগরিকদের মতে, সাভার ও আশুলিয়ার সমস্যা শুধু যানজট বা সড়ক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিকল্পিত নগরায়ণ, ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মান উন্নয়নেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শিল্পাঞ্চল হওয়ায় এ অঞ্চলে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষের চলাচল হয়। কিন্তু সেই তুলনায় সড়ক ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা পর্যাপ্ত নয় বলে অভিযোগ তাদের।
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারের ৮ মাসের অগ্রগতি মূল্যায়নে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কী পরিবর্তন এসেছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত উদ্ধার, ভাঙাচোরা সড়ক সংস্কার এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সব মিলিয়ে সাভার ও আশুলিয়ার মানুষের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। রাজনৈতিক পরিবর্তনের সুফল যেন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের চলাচল, নিরাপত্তা ও নাগরিক জীবনে প্রতিফলিত হয় এমনটাই চান তারা।
রিপোর্টারের নাম 











