
ঢাকার আশুলিয়ায় ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আশুলিয়ার বাইপাইল চাড়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলিফ ইসলাম (২০), নাহিদ ইসলাম (১৯), রমজান (১৯), আবদুল মজিদ (৩০), আশিকুল ইসলাম আসিফ (২৪), আসাদ তালুকদার (২৬), শাওন মন্ডল (২০) ও রহিদ (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি উত্তর বিভাগের একটি দল বাইপাইল চাড়ালপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন আটজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৭৫ হাজার ৬০০ টাকা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রমজানের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। আর আশিকুল ইসলাম আসিফের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও অন্যান্য ধারায় আরও একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা ডিবি উত্তর বিভাগের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 










