
ঢাকার আশুলিয়ায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. শাহিন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানার কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রাশেদ মিয়াসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে শাহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩৪০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার শাহিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গানপুর এলাকায়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 










