
তেঁতুলঝোড়া ইউনিয়নসহ সাভারের ৩টি ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়, এতে অংশ নেয় হাজার হাজার জনতা। এ সময় হাজার হাজার জনতার পদচারণায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে একটি ফরমে স্বাক্ষর নিয়ে সাভারের তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করতে ষড়যন্ত্র করছে একটি মহল। বক্তারা আরো বলেন, নাগরিক সুবিধার্থে তেতুলঝোড়া,আমিনবাজার,ভাকুর্তা এই তিনটি ইউনিয়ন সাভার উপজেলার সাথে সব সময় থাকতে চাই। তাই কোনোভাবেই কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করা যাবে না।
এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকলে তেঁতুলঝোড়া ইউনিয়নকে সাভার উপজেলায় রাখার জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে এলাকাবাসী বিশাল বিক্ষোভ মিছিল বের করে।
মোঃ রবিউল ইসলাম সিয়াম 











