
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমানসহ একটি দল মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. আতিক (৩৫), ইসহাক মোল্লা (৪৫) এবং মো. শাহ আলী (৪২)। তারা বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে একটি লোহার তৈরি ধারালো চাইনিজ কুড়াল, একটি ধারালো লোহার কাটার এবং একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধসংক্রান্ত পূর্ব রেকর্ড (পিসি/পিআর) পর্যালোচনায় দেখা যায়, মো. আতিকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও দস্যুতাসহ দুটি মামলা, ইসহাক মোল্লার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত দুটি মামলা এবং শাহ আলীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 











