
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সাভারে নিহতদের স্মরণে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘জুলাইয়ের লেন্স’ শুরু হয়েছে। শনিবার দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সভাপতি সেজুতি হোসাইন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবময় অধ্যায়। এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম আন্দোলনের বাস্তব চিত্র ও আত্মত্যাগের ইতিহাস জানতে পারবে। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শকে ধারণ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. সালাউদ্দিন বাবু বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের বাস্তব চিত্র তুলে ধরতে আলোকচিত্র প্রদর্শনীর মতো উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিহাস সংরক্ষণে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
প্রদর্শনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সাভারের বিভিন্ন এলাকায় সংঘটিত আন্দোলনের নানা মুহূর্ত, আহত ও নিহতদের স্মৃতি এবং গণআন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোকচিত্র স্থান পেয়েছে। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ইতিহাস সংরক্ষণে এমন উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের ঘটনাগুলো আলোকচিত্রের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
স্টাফ রিপোর্টার 











