
বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। কিন্তু এই অগ্রগতির মাঝেই নীরবে এক ভয়াবহ সংকট আমাদের পরিবেশ, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, সেটি হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের অপ্রতিরোধ্য ব্যবহার। প্লাস্টিকের সহজলভ্যতা ও কম খরচের কারণে আমরা প্রতিদিন এমন অনেক পণ্য ব্যবহার করছি, যা মাত্র একবার ব্যবহারের পরই ফেলে দেওয়া হয়। অথচ এই প্লাস্টিক শত শত বছরেও সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে যায় না।
বাংলাদেশে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার একটি বড় অংশই সিঙ্গেল ইউজ প্লাস্টিক। পলিথিন ব্যাগ, পানির বোতল, স্ট্র, কাপ, প্যাকেটজাত খাদ্যের মোড়ক সহ আরও নানান জিনিস এসবই আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দুর্ভাগ্যজনকভাবে, এসব বর্জ্যের একটি বড় অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় না। ফলে এগুলো ড্রেন, খাল, নদী ও সাগরে গিয়ে জমা হয়, যা জলাবদ্ধতা, জলদূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষ করে নগর এলাকায় প্লাস্টিক বর্জ্য ড্রেনেজ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে জলাবদ্ধতা সৃষ্টি করছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহর ডুবে যাওয়ার অন্যতম কারণ এই প্লাস্টিক বর্জ্য। একই সঙ্গে, নদী ও সাগরে প্লাস্টিক জমে সামুদ্রিক প্রাণীর জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। গবেষণায় দেখা গেছে, মাছ ও অন্যান্য জলজ প্রাণী প্লাস্টিক কণা খেয়ে ফেলছে, যা পরবর্তীতে খাদ্যচক্রের মাধ্যমে মানুষের শরীরেও প্রবেশ করছে। এটি জনস্বাস্থ্যের জন্য এক অদৃশ্য বিপদ।
এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ২০০২ সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার উদ্যোগ ছিল দক্ষিণ এশিয়ায় একটি অগ্রণী পদক্ষেপ। তবে বাস্তবায়নের দুর্বলতা এবং সচেতনতার অভাবে এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হয়নি, বরং কখনোই হয়নি। এখন সময় এসেছে আরও কঠোর আইন প্রয়োগ, বিকল্প পণ্যের প্রসার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার।
সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প হিসেবে জুট ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের প্যাকেট এবং বায়োডিগ্রেডেবল পণ্য ব্যবহার বাড়াতে হবে। বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ, কারণ পাট আমাদের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব সম্পদ। পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করলে যেমন পরিবেশ রক্ষা পাবে, তেমনি দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সামাজিক সংগঠনগুলোকে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব আচরণ শেখানো জরুরি। “Reduce, Reuse, Recycle” এই তিনটি মূলনীতিকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরিবর্তন শুরু করতে হবে আমাদের নিজেদের থেকেই। আমরা যদি সচেতনভাবে প্লাস্টিক ব্যবহার কমাই, তাহলে ধীরে ধীরে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। সরকার, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ সবার সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব একটি সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
পরিশেষে বলা যায়, পরিবেশ রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ বাঁচানোর সংগ্রাম। আজ আমরা যদি সচেতন না হই, তাহলে আগামী প্রজন্মকে একটি দূষিত ও বিপজ্জনক পৃথিবী উপহার দেব। তাই এখনই সময়—সিঙ্গেল ইউজ প্লাস্টিককে “না” বলার, এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার।
মোঃ আবির আল হাসনাঈন
শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মোঃ আবির আল হাসনাঈন 















