
ঢাকার ধামরাইয়ে ১০ চাকার মাটিবাহী ট্রাক থেকে মাটি পড়ে ঢাকা–আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা।দশ চাকার ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। রাত ১.৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের লোকজন রাস্তার মাটি সরিয়ে রাস্তা পরিস্কার করছে।
রোববার স্থানীয়রা জানান, মাটিবাহী বড় ট্রাকগুলো থেকে সড়কে মাটি পড়ে রাস্তা পিচ্ছিল ও নোংরা হয়ে যাচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা সড়কে পড়ে থাকা মাটি পরিষ্কার করতে কাজ করছেন। তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই এমন ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভারী ১০ চাকার এসব ট্রাক অনেক সময় আঞ্চলিক সড়ক ও গ্রামের ভেতরের সড়ক দিয়েও চলাচল করে। ফলে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আশপাশের বসতবাড়ির ফাটল দেখা যাচ্ছে। অনেক জায়গায় রাস্তা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটছে।
এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—ট্রাকগুলো নিয়ম ভেঙে চলাচল করলেও কেন পুলিশ বা প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে না? স্থানীয়দের মতে, দ্রুত এ বিষয়ে নজরদারি বাড়ানো এবং নিয়ম অমান্যকারী ট্রাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয় সচেতন মহল বলছেন, সড়কে মাটি পড়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
আশরাফুল আলম : 










