
ঢাকার ধামরাই পৌরসভার অলিগলি থেকে শুরু করে বাসাবাড়ি সর্বত্রই বেড়েছে মশার উপদ্রব। সন্ধ্যা নামলেই যেন মশার দখলে চলে যাচ্ছে পুরো এলাকা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ফগিং ও মশা নিধন কার্যক্রম না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।
বাসিন্দারা জানান, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। মশাবাহিত রোগের আতঙ্কে দিন কাটছে অনেক পরিবারের। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জ্বর-সর্দির মতো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
পৌরবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। অনেক এলাকায় নর্দমা পরিষ্কার ও জমে থাকা পানির স্থায়ী সমাধান না থাকায় মশার প্রজনন বাড়ছে।
সচেতন নাগরিকদের প্রশ্ন— নিয়মিত কর পরিশোধের পরও কেন মিলছে না মৌলিক নাগরিক সেবা? কেন সময়মতো ফগিং, লার্ভিসাইড ছিটানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে না?
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মশা নিধন অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন ধামরাই পৌরবাসী।
এখন দেখার বিষয়— জনস্বাস্থ্য সুরক্ষায় পৌরসভা ও উপজেলা প্রশাসন কবে নেয় দৃশ্যমান ও স্থায়ী উদ্যোগ।
আশরাফুল আলম 










