
ঈদুল ফিতর সামনে রেখে শিল্পাঞ্চলে অস্থিরতা ঠেকাতে এবং গার্মেন্টস শ্রমিকদের বেতন–বোনাস নিশ্চিত করতে কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগ নিয়েছে বলেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় আল-ফারাবী ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ঈদ সামনে রেখে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই মাঠে নামা হয়েছে। ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি, মালিক–শ্রমিক বৈঠক এবং সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে ।শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও গার্মেন্টস মালিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছি।
পুলিশ সুপার আরো বলেন, সোমবার গার্মেন্টস মালিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ শিল্প পুলিশের হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। যেসব কারখানা ঈদের আগে বেতন দিতে সমস্যায় পড়তে পারে, সেগুলোর বিষয়ে ওই বৈঠকেই করণীয় নির্ধারণ করা হবে।
আমাদের অবস্থান পরিষ্কার শ্রমিক ভাই-বোনেরা যেন সময়মতো বেতন–বোনাস পায় এবং পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে ঈদ করতে পারে।
বন্ধ, লে-অফ বা সাময়িকভাবে বন্ধ থাকা কারখানাগুলোর বিষয়ে তিনি জানান, এসব প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা নিয়মিত সরকারের কাছে পাঠানো হচ্ছে। নতুন সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং কীভাবে কারখানাগুলো পুনরায় চালু করা যায় ও বেকার শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়, সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে। শিগগিরই কার্যকর সিদ্ধান্ত আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসী জানান, প্রতিষ্ঠাতার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে মাদ্রাসাটি উদ্বোধন এলাকাবাসীর মাঝে আনন্দ ও ধর্মীয় উৎসাহ বৃদ্ধি করেছে। সকলের প্রত্যাশা, আল-ফারাবী ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা হবে ইবাদত, শিক্ষা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিল্প পুলিশ ১ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাহাবুবুল হক সজিব (পিপিপি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন মিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বিশ্বাস (পিপিএম), সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান, আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ, আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসেন মুন্সি, আশুলিয়া থানা যুবদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী এবং ডংলিয়ন ফ্যাশন (বিডি) লিমিটেডের মহাপরিচালক (প্রশাসন) রফিকুল ইসলাম, অত্র মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ 










