
ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (৮ জুলাই) রাত ও বুধবার (৯ জুলাই) ভোরে সাভারের বলিয়ারপুর এবং আশুলিয়ার দোসাইদ বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে বলিয়ারপুর এলাকা থেকে আনোয়ার হোসেন (৪৯), আব্দুল কাইয়ুম (৪০) ও আল আমিন (৪৫) নামে তিনজনকে ৩০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। পরে দোসাইদ বাজার এলাকায় পৃথক অভিযানে রাসেল বেপারী (৩০) ও হৃদয় খান (২৬) নামে আরও দুইজনকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাসেল বেপারীর বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।
মোঃ রবিউল ইসলাম সিয়াম 











