
সাভারের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল পাকিজার মোড় এখন স্থানীয় বাসিন্দা, পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য যেন এক নিত্যদিনের ভোগান্তির নাম। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। এর সঙ্গে যুক্ত হয় দীর্ঘ যানজট, ফলে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে হাজারো মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত সড়ক সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এই সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। বিশেষ করে অফিস শুরু ও ছুটির সময় পাকিজার মোড়ে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। বৃষ্টির সময় সড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।এছাড়াও সাভারের পাকিজার মোড়ে ইউটার্ন তৈরির পর বিভিন্ন যানবাহন উল্টাপথে এসে ইউটার্ন থেকে গাড়ি ঘোরানোর ফলে প্রতিদিন তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এর প্রেক্ষিতে পাকিজার মোড়ে স্থায়ী ট্রাফিক অফিস বসানোর পরেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি যানজট পরিস্থিতির।
এ সময় উপস্থিত স্থানীয় পথচারীরা পাকিজার মোড়ের ইউটার্ন বন্ধ করে দেওয়ার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন এই মোড় দিয়ে যাতায়াত করি। অল্প বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে যায়। পানি ও যানজটের কারণে কর্মস্থলে সময়মতো পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
আরেক বাসিন্দা নাসরিন আক্তার বলেন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ সবাই দুর্ভোগে পড়ছেন। জলাবদ্ধতার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।
পরিবহন শ্রমিক আব্দুল করিম বলেন, পাকিজা মোড়ে যানজট এখন প্রতিদিনের ঘটনা। কখনো কখনো আধা ঘণ্টার রাস্তা পার হতে দুই ঘণ্টা পর্যন্ত লেগে যায়। এতে যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয়, আবার জ্বালানিও বেশি খরচ হয়।
বাসচালক মো. সোহেল জানান, বৃষ্টি হলে পানি জমে রাস্তার অবস্থা বোঝা যায় না। এতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয় এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। যানজটের কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী গাড়ি চালানো সম্ভব হয় না।
স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, দীর্ঘ যানজট ও জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতি কমে যাচ্ছে। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি এলাকার সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, পাকিজা মোড়ের ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, সড়কের জলাবদ্ধতা নিরসন এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি। পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা।
স্থানীয়দের মতে, সাভারের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে পরিচিত পাকিজা মোড়ের এই দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।
যানজট প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাফিক পুলিশ বলেন, মূলত মহাসড়কের অটো রিক্সার দাপট এবং উল্টো পথে যানবাহন চলাচল কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর ফলে এত প্রশস্ত রাস্তাতেও যানজট লেগেই থাকছে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের করা নির্দেশনা থাকলেও জনবল সংকটে অটোরিক্সা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 











