
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন এলাকায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কাশিমপুর রিপোর্টার্স ক্লাব।
শুক্রবার (২৮ আগস্ট) এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রিপোর্টার্স ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। কাশিমপুর রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো: আব্দুর রহিমের সঞ্চালনায় ও কাশিমপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: নুর আলম সিদ্দিকী মানু’র সভাপতিত্বে কাশিমপুর রিপোর্টার্স ক্লাব হলরুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেন ক্লাবটির শুভ উদ্বোধন করেন।
কাশিমপুরের সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। সত্য ও নিরপেক্ষ তথ্য সংগ্রহ করে তা জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে একজন সাংবাদিক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সাংবাদিকতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি ওসি মোল্লা খালিদ হোসেন কাশিমপুর রিপোর্টার্স ক্লাবের নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে বলেন, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজের স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমপুর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মো: আনিসুর রহমান, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মো. সাব্বির আহম্মেদ, তথ্য ও আইন বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ গালিব, ফজলে রাব্বি । দোয়া পরিচালনা করেন কাশিমপুর থানা মসজিদের ইমাম মো. এরশাদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য আইনজীবী এ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি।
এ সময় উপস্থিত সাংবাদিকরা কাশিমপুর এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, অপরাধ ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কাশিমপুর রিপোর্টার্স ক্লাব ভবিষ্যতে কাশিমপুর এলাকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“সত্যের সন্ধানে কলম সৈনিক”—এই অঙ্গীকারকে সামনে রেখে কাশিমপুর রিপোর্টার্স ক্লাবের পথচলা শুরু হলো।
স্টাফ রিপোর্টার 










