
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ঘোষিত ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র সঙ্গে সংগতি রেখে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির প্রত্যয়ে ধামরাইয়ে এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। “ক্লিন ধামরাই, গ্রীন ধামরাই” গড়ার লক্ষ্য নিয়ে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি ধামরাই পৌরসভার ৭নং ওয়ার্ডের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছেন।
বুধবার ৩০( জুলাই) দুপরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি। এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং বেশি করে গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তাধারায় বাস্তবায়িত এই বৃক্ষরোপণ আন্দোলন দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণকালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কোমলমতি শিক্ষার্থীরাও উৎসাহের সাথে নিজ হাতে গাছের চারা গ্রহণ করে এবং এগুলো যত্নের সাথে রোপণ ও সংরক্ষণের অঙ্গীকার করে।
স্থানীয় এই মহতী অনুষ্ঠানে ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহম্মেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন আহম্মেদ ভূইয়া শাওন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুর রহমান জনি, ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মোস্তফা, তোফায়েল আহম্মেদ ও ইয়াসিন আরাফাত, ধামরাই পৌর ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন রিজভী, এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সোহান, ইব্রাহিম ও সাগরসহ ধামরাই উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত নেতাকর্মীগণ বিদ্যালয় চত্বরে ও এর আশপাশে প্রতীকী চারা রোপণ করেন। স্থানীয় সচেতন মহল এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ স্বেচ্ছাসেবক দলের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান।
আশরাফুল আলম 











