
সাভারে ভাড়া বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) সাভার মডেল থানার আমিনবাজার ইউনিয়নের বড়দেশীর হাজীনগর এলাকায় মো. ইউসুফ আলীর ভাড়া বাসা থেকে শারমিন আক্তার লিজা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেরানীগঞ্জের আগানগর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মো. শওকত হোসেন এবং স্বামীর নাম মো. মাইনুদ্দিন আহম্মেদ জনি।
ঘটনার পর নিহতের বাবা মো. শওকত হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শারমিন আক্তার লিজাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।
উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানা সূত্র জানায়, এ ঘটনায় থানায় মামলা নং-১৮, তারিখ ৩ জুলাই ২০২৬ হিসেবে মামলা রুজু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
রাউফুর রহমান পরাগ : 







