
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে ঢাকা–১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল থেকেই শুরু করেন ব্যাপক গণসংযোগ কর্মসূচি।
সাভার–আশুলিয়া এলাকার পাথালিয়া ইউনিয়নের ১, ২, ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি এলাকার ভোটারদের হাতে তুলে দেন নির্বাচনী লিফলেট এবং আগামী দিনের উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
গণসংযোগকালে দিলশানা পারুল বলেন, ঢাকা–১৯ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকাকে একটি মানবিক ও আধুনিক জনপদে রূপান্তর করব।
গণসংযোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার তাদের দীর্ঘদিনের সমস্যা, যেমন—রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ সমস্যা, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকটের কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। দিলশানা পারুল মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় একাধিক ভোটার জানান, দিলশানা পারুল সাধারণ মানুষের কাছে সরাসরি এসে কথা শুনছেন, এটিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা পরিবর্তন চাই।
এসময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ আরও দৃঢ় হবে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদী।
দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের মাঝে নতুন করে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মোঃ সাইফ মাহমুদ 










